বাঘারপাড়া সংবাদদাতা
শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে অভিভাবক, শিক্ষক ও সুধীজনের সমন্বিত ভূমিকা নিয়ে যশোরের বাঘারপাড়ার প্রেমচারা বাদশা ইসলামিক একাডেমি মাদরাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে একাডেমি ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় মাদরাসার শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জহুরুল হক জহির। স্বাগত বক্তব্য দেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামিম আকতার।
সভায় বক্তব্য দেন অধ্যক্ষ কোহিনুর আলম, প্রধান শিক্ষক মহাদেব কুমার, প্রভাষক রোস্তম আলী এবং মাদরাসার শিক্ষক হাফেজ ইমরান হোসেন। সভা পরিচালনা করেন আইয়ুব হোসেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না; তাদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে।
সভায় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ আরও উন্নত করার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।
এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও আলেম সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

