মাগুরা সংবাদদাতা :
মাগুরা শহরের বেবি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় ছয়টি গার্মেন্টসের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর রাতে দুর্বৃত্তরা দোকানগুলোর সাটার ও তালা ভেঙে নগদ টাকা ও বিভিন্ন ধরনের পোশাক নিয়ে যায়। এতে ছয় দোকান মালিকের প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
চুরি হওয়া দোকানগুলো হলো, জেন্টস গ্যালারি, আল রিয়াদ, নিউ ফ্যাশন গার্মেন্টস, প্লাস পয়েন্ট, বিজা জেন্টস গ্যালারি ও মোহনা গার্মেন্টস।
ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার ভোর রাতে দুর্বৃত্তরা মার্কেটের দ্বিতীয় তলায় দোকানগুলোর সাটার ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দোকানে থাকা বিভিন্ন ধরনের পোশাক ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের ধারণা, সামনের সিঁড়ির রেলিং বেয়ে দুর্বৃত্তরা দ্বিতীয় তলায় উঠে চুরির ঘটনা ঘটাতে পারে। এছাড়া মার্কেট ভবনের পাশেই একটি জামরুল গাছ রয়েছে, যার ডালপালা সরাসরি দ্বিতীয় তলার ছাদ পর্যন্ত পৌঁছেছে। ওই গাছ ব্যবহার করে কেউ ভবনে প্রবেশ করেছিল কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন তারা।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল আল মামুন বলেন, চুরির খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

