পাইকগাছা সংবাদদাতা :
মৎস্য ও প্রাণী সম্পদ সচিব দেলোয়ার হোসেন বলেছেন, দেশের মৎস্য সম্পদ বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ ও জাতীয় অর্থনীতিসহ বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখছে। মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা জোরদার করতে তিনি সরকারের নানামুখি পদক্ষেপের উপর গুরুত্বারোপ করেন। শুক্রবার সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের খুলনার পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্রের গবেষণা অগ্রগতি পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব একথা বলেন।
মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. লতিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব আরো বলেন, মৎস্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে চলমান গবেষণাকে এগিয়ে নিতে পারলে ভবিষ্যতে মেরিন কালচারে বিপ্লব ঘটানো সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. আমিরুল ইসলাম, মৎস্য অধিদপ্তর খুলনার পরিচালক জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে গবেষণার অগ্রগতি ও চলমান গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন লোনাপানি কেন্দ্রের কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজহার আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন লোনাপানি কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ কুমার মন্ডল, ড. গোলাম সাজেদ রিয়ার ও ড. নূর-এ-রওশন, বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম মোস্তফা, সায়মা সুলতানা সোনিয়া, মাসুদুর রহমান, ফাল্গুনী বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়সহ অনেকে।
