বাংলার ভোর প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা আলাদা অভিযানে ১৯ কেজি গাঁজাসহ ৫জনকে আটকের দাবি করেছে। শনিবার (২২ আগস্ট) রাতে অভিযান দুইটি পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানিয়েছেন, শনিবার রাত আটটার দিকে যশোর-মাগুরা সড়কের রাজাপুর জামতলা নামক স্থানে যশোর থেকে ছেড়ে যাওয়া মাগুরাগামী সায়রা পরিবহন নামক একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়।
এরা হলেন, যশোর সদর উপজেলার দারাজহাট মধ্যপাড়ার আবুবক্কারের স্ত্রী মঞ্জুরা ওরফে বুড়ি (৬০), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি সদরঘাট এলাকার মৃত হাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৫৩), হান্নান জর্দ্দারের ছেলে সোহেল রানা (২২) এবং সদর উপজেলার এড়েন্দা বাজার কালিদোয়া গ্রামের বর্তমানে শহরের বারান্দিপাড়া ঢাকা রোড বটতলা এলাকার মৃত হাসেম বিশ্বাসের ছেলে আব্দুল গনি (৫৪)। আটকদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহার নেতৃত্বে আলাদা আরেকটি টিম শনিবার রাত সাড়ে নয়টার দিকে শহরের বারান্দিপাড়া ঢাকা রোড জামিয়া কাসিমিয়া আরাবিয়া মাদরাসার পাশের অটোরিকশা ইজিবাইক গ্যারেজের মধ্যে থেকে তিন কেজি গাঁজারসহ মামুন হোসেন (৪৬) নামে এক যুবককে আটকের দাবি করেন। ধৃত মামুন শংকরপুর ইসাহাক সড়ক এলাকার বর্তমানে বারান্দিপাড়া খেজুর বাগান এলাকার মৃত মুরাদ সরদারের ছেলে। এই ঘটনায় কোতোয়ালি থানায় আরো একটি মামলা হয়েছে।

