বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ধোপাখোলা গ্রামে চেতনানাশক স্প্রে করে এক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির মালিকের মা হামিদা বেগমকে অচেতন করে ২৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় চোরচক্র আব্দুল কাদেরের দুই তলা ভবনে প্রবেশ করে। পরে তারা ঘরের ভেতর চেতনানাশক স্প্রে করে হামিদা বেগমকে অচেতন করে মূল্যবান স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বাড়ির কাজের মেয়ে বিষয়টি টের পেলে চুরির ঘটনা জানাজানি হয়। অচেতন অবস্থায় হামিদা বেগমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর যশোর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

