বাংলার ভোর প্রতিবেদক :
প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত এবং মেয়েদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে যশোরে ৫২ প্রতিবন্ধী শিশুর মাঝে বিশেষ শিক্ষা সহায়ক উপকরণ ও তিন মেয়ের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে।
বুধবার যশোরে ‘বাঁচতে শেখা’র হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। লিলিয়ান ফান্ডের আর্থিক সহযোগিতা ও সিডিডির কারিগরি সহায়তায় ‘বাঁচতে শেখা’ বাস্তবায়িত ম্যাপ ইন সিবিআর প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক। সভাপতিত্ব করেন ‘বাঁচতে শেখা’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. অ্যাঞ্জেলা গোমেজ। প্রকল্পের আওতায় ৫২ জন প্রতিবন্ধী শিশুকে বিশেষ শিক্ষা সহায়ক উপকরণ দেয়া হয়। তাদের মধ্যে ২৪ জন মেয়ে ও ২৮ জন ছেলে।
শিশুদের মেধা, বয়স, সক্ষমতা ও ব্যক্তিগত চাহিদা বিবেচনায় ক্লে, বিল্ডিং ব্লক, ফিশিং টয়, অ্যানিমেল সেট ও ডিজিটাল বুকসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণ শিশুদের হাতের সুক্ষ্ম কাজের দক্ষতা, মনোযোগ, সৃজনশীলতা ও চিন্তাশক্তি বিকাশে সহায়ক হবে বলে জানান আয়োজকেরা।
এ ছাড়া মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত তিন মেয়ে শিশুর মাঝে তিনটি বাইসাইকেল বিতরণ করা হয়। এর মাধ্যমে বিদ্যালয়ে নিয়মিত যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি তাদের চলাচলের প্রতিবন্ধকতা কমবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের শুধু বিদ্যালয়ে নয়, বাড়িতেও আনন্দময় ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
শিশুদের বয়স, সক্ষমতা ও আগ্রহ অনুযায়ী উপযুক্ত শিক্ষা উপকরণ ব্যবহার করা হলে তাদের সৃজনশীলতা, চিন্তাশক্তি এবং সামাজিক যোগাযোগ দক্ষতার বিকাশ ঘটানো সম্ভব।
তারা আরও বলেন, মাধ্যমিক পর্যায়ের মেয়েদের বাইসাইকেল দেয়ার উদ্যোগটি তাদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ করে যাতায়াতের সমস্যার কারণে যারা বিদ্যালয়ে যেতে বাধার মুখে পড়ে, তাদের জন্য এ ধরনের সহায়তা কার্যকর ভূমিকা রাখবে।
আয়োজকেরা জানান, ‘বাঁচতে শেখা’ ও ম্যাপ ইন সিবিআর প্রকল্প দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী শিশুদের অধিকার রক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং সমাজের মূলধারায় তাদের অংশগ্রহণ ও বিকাশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণের এ উদ্যোগ প্রতিবন্ধী শিশু ও মেয়েদের জন্য বৈষম্যহীন এবং সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরিতে আরও এক ধাপ এগিয়ে নেবে।
