বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বিদেশ ফেরত নারী শ্রমিকদের ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার সনদপত্র প্রদান করা হয়েছে। খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) ‘রি-ইন্টিগ্রেশন অফ রিটার্নি মাইগ্রান্ট ওয়ার্কারস ইন বাংলাদেশ’ (আরআরএমডাব্লুবি) প্রকল্পের মাধ্যমে যশোর বাঁচতে শেখা প্রশিক্ষণ কক্ষে বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপি এ প্রশিক্ষণের আয়োজন করে। করোনাকালীন সময়ে বেকার হয়ে সৌদি আরব, ওমান, দুবাইসহ বিভিন্ন দেশ থেকে ফিরে আসা নারী শ্রমিকরা এ প্রশিক্ষণে অংশ নেন।
প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার জাকিয়া সুলতানার সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর যশোরের উপ-পরিচালক ইকবাল কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক ফসিউল আলম। প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রাণিসম্পদ অফিসের সায়েন্টিফিক কর্মকর্তা মেহেদী হাসান বিন্দু, যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের ইন্সট্রাক্টর মো. আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন খুলনা মুক্তি সেবা সংস্থার প্রজেক্ট অফিসার অঞ্জনা পাল, ভলেন্টিয়ার বিলায়েত হোসেন, জাহানারা খাতুন, সালমা ফেরদৌস প্রমুখ।
প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার জাকিয়া সুলতানা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করে বলেন, সুইজারল্যান্ডের আর্থিক সহায়তা (এসডিসি) ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কেএমএসএস ‘রি-ইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রান্ট ওয়ার্কারস ইন বাংলাদেশ’ প্রকল্প বাস্তবায়ন করছে। এর মাধ্যমে করোনার সময়ে বিদেশে কাজ হারিয়ে দেশে ফেরা অভিবাসী শ্রমিকদের পুনঃএকত্রীকরণের লক্ষ্যে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং মনোসামাজিক উন্নয়নে কাজ করছে। এরই অংশ হিসেবে তাদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনা ও আয় বৃদ্ধিমূলক দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেয়া হয়।
শেষে প্রশিক্ষণে অংশ নেয়া নারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

