বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সদর উপজেলায় মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে তাঁর বড় ছেলে মামুন মাস্টারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দেয়াড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারী আলতাব মাস্টারের স্ত্রী। অভিযুক্ত মামুন তার বড় ছেলে। স্থানীয়দের ভাষ্য, মামুন লাউজানি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।
স্থানীয়দের দাবি, পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। একপর্যায়ে মামুন তার মাকে বটি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, এমন ঘটনা তারা আগে কখনো দেখেননি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মামুনকে আটক করা হয়। ঘটনার কারণ ও সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং ঘটনার সময় প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

