বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে সুরধুনী সংগীত নিকেতনের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হ-য-ব-র-ল-২০২৬’ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় একের পর এক মনমুগ্ধকর পরিবেশনায় মেতে ওঠে উপস্থিত দর্শক-শ্রোতারা।
অনুষ্ঠানের শুরুতেই শিশু ও কনিষ্ঠ শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ক্লাসিক পরিবেশনাসহ বেশ কিছু জনপ্রিয় ছড়াগান উপহার দেয়। পরম মল্লিক রবীন্দ্রনাথের ‘আজ ধানের ক্ষেতে’ এবং অর্ণা দাস নজরুলের ‘রুমঝুম রুমঝুম’ গেয়ে পুরো মিলনায়তন মুগ্ধ করেন। এছাড়া ছোটদের কণ্ঠে ‘টাপুর টুপুর বৃষ্টি’, ‘বিড়াল ছানা’, ‘ছোট চড়ুই’ ও ‘টুকটুকে লাল’-এর মতো ছড়াগানগুলো অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।
দেশাত্মবোধক ও লোকসংগীতের পর্বে পরিবেশিত হয় ‘এই যে আমার মাতৃভূমি’, ‘সবুজের বুকে’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’, ‘শাল পিয়ালের দেশ’ এবং ‘সবলোকে কয় লালন জাত’-এর মতো কালজয়ী গান। পাশাপাশি আধুনিক ও নৃত্যের নানা পরিবেশনা অনুষ্ঠানকে বর্ণিল রূপ দেয়। বিশেষ পরিবেশনা হিসেবে ছিল সমবেত নৃত্য ‘মমচিত্তে’ এবং ‘ময়না ছলং ছলং’।
অনুষ্ঠানে আলোচনা পর্বে বক্তব্য রাখেন সুরধুনী যশোরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু। তিনি সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিশুমনে সুকুমার বৃত্তির বিকাশ ঘটাতে সুরধুনী সবসময় সুস্থ ধারার সংগীত ও ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুরধুনী যশোরের সভাপতি হারুন অর রশিদ, সহ-সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত, কিংশুক যশোরের গাজী সাইফুল ইসলাম এবং পুনশ্চ যশোরের ঝংকার মজুমদারসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজনেরা।
যন্ত্রসংগীতে সংগত করেন তবলায় অমিতাভ রাজ, মোহনধর, সুজন দাস ও অনিক পাল এবং হারমোনিয়ামে তাওহীদুল ইসলাম। পুরো আয়োজনের সংগীত পরিচালনায় ছিলেন ডলি রহমান ও সুমন শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরিকুল ইসলাম।

