বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে ‘সুরধুনী সংগীত নিকেতন’-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বর্ষাবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষার গান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এই সংগীতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের বড়দের পরিবেশনায় “রিমঝিম ঐ নামিল দেয়া” সমবেত রূপক সংগীতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এরপর সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুন-অর-রশীদের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে সংগঠনের শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্ট শিল্পীরা বরষার আবহে নজরুল, রবীন্দ্র ও আধুনিক বর্ষার গান পরিবেশন করেন। একক গান পরিবেশন করেন প্রজ্ঞা দত্ত, অহেঞ্জিতা, মনজুরা রহমান, তিথি অধিকারী, পারমিতা ভদ্র, ফাল্গুনী সঞ্জন, শ্যামলী দাস, ইউসরা মানহা, শারমিন হক, মনিরুজ্জামান মুকুল, স্বর্ণপাল তুলি, প্রত্যাশা, সুমন শেখ, মৌসুমী আক্তার, অর্পণা দাস, শচীন বর্মন, কৃষ্ণা ভক্ত, ডলি রহমান, ললিতা বিশ্বাস, তাওহীদুল ইসলাম এবং তরিকুল ইসলাম।
একক সংগীতের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় “গহন ঘন ছাইলো” এবং ছোটদের “আয় বৃষ্টি ঝেঁপে” গানের সাথে চমৎকার সমবেত নৃত্য পরিবেশিত হয়। এ ছাড়া শিশুদের সমবেত সংগীতে “সারাদিন মেঘলা আকাশ” ও “সবুজের দেশে শুধু সবুজ” গান দুটি দর্শক-শ্রোতাদের বিশেষভাবে মুগ্ধ করে।
অনুষ্ঠানে তবলায় সংগত করেন অমিতাভ রাজ, মোহনধর, সুজন দাস ও অনিক পাল। হারমোনিয়ামে ছিলেন তাওহীদুল ইসলাম। পুরো অনুষ্ঠানটির সংগীত পরিচালনায় ছিলেন তাওহীদুল ইসলাম ও ললিতা বিশ্বাস এবং উপস্থাপনায় ছিলেন তরিকুল ইসলাম। স্থানীয় সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতাদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে।

