বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৩টি সোনার বার, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ সুজন হোসেন (৪৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল দৌলতপুর বালুর সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার ব্যবহৃত ইয়ামাহা মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
বিজিবি জানায়,আটক সুজন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা ৩টি সোনার বারের ওজন ৩৯৭ দশমিক ৮৭ গ্রাম। এসব সোনার আনুমানিক মূল্য ৭৭ লাখ ৬৭ হাজার ৬৭০ টাকা। এছাড়া মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ২ লাখ ৭১ হাজার টাকা।
বিজিবির হিসাবে জব্দ করা মালামালের মোট মূল্য প্রায় ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা। আটক ব্যক্তি, মোটরসাইকেল ও মোবাইল ফোন বেনাপোল পোর্ট থানায় এবং সোনার বার যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

