বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে মারধর ও গলা চেপে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে মো. গোলাম রসুল (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টা ১৫ মিনিটের দিকে শহরের চাঁচড়া ডালমিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গোলাম রসুল কোতোয়ালি থানার বলরামপুর মধ্যপাড়ার বাসিন্দা। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় গোলাম রসুলের পাশাপাশি ইলিয়াস হোসেন নামে আরও একজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার ও আদালতে দেয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের ২১ অক্টোবর পারিবারিকভাবে গোলাম রসুলের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তাদের সংসারে দুই কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে গোলাম রসুল স্ত্রীর কাছে যৌতুক দাবি করতেন বলে অভিযোগ করা হয়েছে। দাবি করা টাকা দিতে না পারায় স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, একপর্যায়ে গোলাম রসুল তার স্ত্রীর কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন। ওই নারী টাকা দিতে অপারগতা জানালে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ওই নারী তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।
এজাহারে আরও বলা হয়েছে, গত ৭ আগস্ট রাতে গোলাম রসুল তার শ্বশুরবাড়িতে যান। সেখানে তাকে সংসার চালিয়ে যাওয়ার জন্য বোঝানো হয়। কিন্তু তিনি ৩ লাখ টাকা যৌতুক না দিলে স্ত্রীকে আর সংসারে নেবেন না বলে জানান। এমনকি প্রয়োজনে অন্যত্র বিয়ে করার হুমকিও দেন বলে অভিযোগ করেছেন বাদী।
পুলিশ জানিয়েছে, মামলার প্রাথমিক তদন্তে গোলাম রসুলের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তে বিঘ্ন ঘটার আশঙ্কায় তার জামিনের বিরোধিতা করে আদালতে তাকে কারাগারে রাখার আবেদন করা হয়েছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

