রামপাল সংবাদদাতা :
রামপালে শ্লীলতাহানীর মামলা করে বিপাকে পড়েছেন তরুণী। জামিনে বের হয়ে মামলাটি তুলে নিতে অব্যাহত হুমকির মুখোমুখি হচ্ছেন ওই তরুণী।
এ ঘটনায় নিরাপত্তা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তিনি।শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার ছায়রাবাদ ওই তরুণী ধর্ষণের শিকার হন।
ওই ঘটনায় গত ইংরেজি জুলাই মাসের ২১ তারিখে রামপাল থানায় একটি মামলা করেন। যার নম্বর ১৬।
মামলায় আসামি করা হয় পার্শ্ববর্তী গ্রামের আ. আজিজ শেখের ছেলে শফিকুলকে। মামলার পর পুলিশ আসামি শফিকুলকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
পরে জেল থেকে জামিনে বেরিয়ে এসেই মামলা তুলে নিতে চাপ দিতে শুরু করে। মামলা তুলে না নিলে অন্য মামলায় জেলে ঢুকিয়ে দেয়ার হুমকি দিচ্ছে। এছাড়াও প্রকাশ্যে বলে বেড়াচ্ছে মামলা খেয়ে ফেলবো।
কোন কিছুই হবে না। এমন সব হুমকিতে দিশেহারা হয়ে পড়েছেন ওই তরুণী। তিনি বাগেরহাটের পুলিশ সুপার ও রামপাল থানা পুলিশের সাহায্য কামনা করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত শফিকুলের সাথে কথা বলার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
