শার্শা সংবাদদাতা :
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চটকাপোতা গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।
গ্রেপ্তার আরিফুল ইসলাম চটকাপোতা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার তদন্তে আরিফুল ইসলামের সংশ্লিষ্টতার সন্দেহ পাওয়া যায়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে এর আগে দুটি অস্ত্র ও দুটি বিস্ফোরক মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
