সোহাগ হোসেন, বাগআঁচড়া :
শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু হওয়ায় যশোরের শার্শায় কাঁচাবাজারে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। বেশির ভাগ সবজি এখন ৩০ থেকে ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা কেজি। শিমের দামও মানভেদে ৪০ থেকে ৫০ টাকায় নেমে এসেছে।
তবে নতুন দেশি পাকা টমেটো এখনো তুলনা- মূলকভাবে দাম চড়া। এদিকে মাছ, মুরগি ও ডিমের দাম কিছুটা কমলেও গরুর মাংসের বাজারে স্বস্তি ফেরেনি।
শনিবার শার্শা উপজেলার বাগআঁচড়া কাঁচাবাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে গত কয়েক সপ্তাহের তুলনায় বেশির ভাগ সবজির দাম কমেছে।
পটল, মিষ্টিকুমড়া, ঢেঁড়স, ঝিঙা ও চিচিঙ্গা ৩০ থেকে ৪০ টাকা কেজি, উচ্ছে ৮০ টাকা, শসা ৫০ টাকা এবং বেগুন জাতভেদে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁপে ১৫ টাকা, মুলা ২০ টাকা, ওলকপি ৪০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা কেজি এবং কাঁচা মরিচ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লম্বা লাউ প্রতিটি ১৫ থেকে ২০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে টমেটোর দাম এখনো বেশ চড়া।
নতুন দেশি পাকা টমেটো ৮০ থেকে ১০০ টাকা, এবং আমদানীকৃত টমেটো ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও আলু, পেঁয়াজ রসুনের বাজার গত সপ্তাহের মত অপরিবর্তিত রয়েছে। আলু ২০ টাকা কেজি, পেঁয়াজ ৪৫ টাকা, রসুন ৮০ টাকা, আদা ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শার্শার বাগআঁচড়া বাজারের সবজি বিক্রেতা কামরুজ্জামান সেন্টু বলেন, বাজারে এখন টমেটো ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। দিন যত বাড়বে আগামী সরবরাহ আরো বাড়লে সবজির দামও কমে আসবে।
এদিকে বর্তমানে প্রতিডজন ফার্মের মুরগির ডিম ১২০ টাকা বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৬০ থেকে ২৮০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।
তেলাপিয়া মাছ ১২০ টাকা কেজি, সিলভার ১৩০ থেকে ১৫০, রুই মানভেদে ১৪০ থেকে ২০০, মৃগেল ১৪০ থেকে ১৮০, পাঙ্গাস ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে পেঁয়াজ, আদা ও রসুনের দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে। মাছের বাজারে সব ধরনের দাম কমেছে। ফলে সবজির বাজারে স্বস্তি ফিরলেও গরু-ছাগলের মাংস কিনতে গিয়ে ক্রেতাদের বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।
