শ্যামনগর সংবাদদাতা :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগরে দাসকাটি গ্রামের গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় আলমগীর হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, গ্রাম্য চিকিৎসক গোলাম মোস্তফার ব্যক্তিগত জোবেদা ক্লিনিকে অপারেশন করতে যেয়ে ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্ত ও তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে আলমগীর হোসেন পাইলসের অপারেশন করানোর জন্য জোবেদা ক্লিনিকে যান। সেখানে তার পাইলসের অপারেশন শুরু করার পর কোনো একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে স্বজনরা জানান।
নিহতের আত্মীয় অভিযোগ করে বলেন, চিকিৎসক গোলাম মোস্তফার ভুল চিকিৎসার কারণেই আলমগীরের মৃত্যু হয়েছে। অপারেশনের পর তার অবস্থার অবনতি হলে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক ফারজানা জানান, আলমগীর হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে রোগীর মৃত্যুর খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, আলমগীর হোসেনের মৃত্যুর পর গ্রাম্য ডাক্তার পালিয়েছে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

