বাংলার ভোর ডেস্ক :
আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা। পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের মানতে হবে ছয়টি বিশেষ নির্দেশনা।
রোববার (২৩ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জুনিয়র বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ করেছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের জন্য দিয়েছে ছয়টি নির্দেশনা।
সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত ও ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেয়া হবে।
যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের-
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য দেড় ঘণ্টা (১ ঘণ্টা ৩০ মিনিট) + বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য দেড় ঘণ্টা (১ ঘণ্টা ৩০ মিনিট) সর্বমোট তিন ঘণ্টা (৩ ঘণ্টা) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের থেকে হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে।
পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের (ওএমআর) ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাজ করা যাবে না। পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোনসহ অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।
এবার মোট ৪০০ নম্বরে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে। এই নম্বর থেকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেয়া হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিতে প্রতিটিতে ১০০ নম্বর থাকবে। শিক্ষার্থীরা এ তিন বিষয়ে সময় পাবে ৩ ঘণ্টা করে। বিজ্ঞান ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০= ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হবে। এ পরীক্ষার সময় হবে এক ঘণ্টা ৩০ মিনিট করে দুই বিষয়ে ৩ ঘণ্টা।

