খাজুরা সংবাদদাতা :
যশোরের খাজুরা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বুধবার বিকেল ৪টায় বাজারের আমিন প্লাজায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, “ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক গুরুত্ব ও উন্নয়নের সম্ভাবনা বিবেচনায় খাজুরা একটি উপজেলা হওয়ার যোগ্যতা রাখে। এ কারণে খাজুরাকে উপজেলা, থানা অথবা পৌরসভায় উন্নীত করার জন্য আমি চেষ্টা করব।”
তিনি আরও বলেন, খাজুরা বাজারকে আধুনিক ও উন্নত বাজার হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। বাজারের অবকাঠামো উন্নয়নসহ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় ব্যবসায়ীরা খাজুরা বাজারের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত দাবি তুলে ধরেন। এর মধ্যে জরুরি ভিত্তিতে গণশৌচাগার নির্মাণ, সিসি ক্যামেরা স্থাপন, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট স্থান তৈরি, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, ড্রেন নির্মাণ, রাস্তার উন্নয়ন এবং মসজিদ-মন্দিরের উন্নয়নসহ মোট ১০টি দাবি তুলে ধরা হয়।
আমিন প্লাজার সত্ত্বাধিকারী ও চন্ডিপুর মাদরাসার সুপার হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, খাজুরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মনিরুল ইসলাম, মুদি ব্যবসায়ী শিহাবুর রহমান, কার্তিক মণ্ডল, খাজুরা কেন্দ্রীয় বৈদিক কালিবাড়ি মন্দিরের পুরোহিত মৃত্যুঞ্জয় মজুমদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তরুণ ব্যবসায়ী এবি মুন্তাসির।
সভায় বক্তারা খাজুরা বাজারের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
