আশাশুনি সংবাদদাতা :
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্কুলের হলরুমে আয়োজিত এ সমাবেশে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক বিকাশে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেয়া হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহিত কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিআরএল) ও প্রতিষ্ঠানের সভাপতি মো. ইউনুছ আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্যসচিব মশিউর হুদা তুহিন, সাবেক ভাইস চেয়ারম্যান ও এপিপি অ্যাডভোকেট শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্কুলের অভিভাবক সদস্য আনারুল ইসলাম এবং শেখ আছাফুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, সাবেক অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, আহসান হাবিব, হাফেজ আশরাফুর রহমান ও আবু মুসাসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার পরিবেশ উন্নত করা এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর তারা গুরুত্ব দেন।
বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
