বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে অস্ত্র ও গুলিসহ আটক আব্দুল কাদেরকে পৃথক ধারায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার স্পেশাল ট্রাইব্যুনাল-৯-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওয়াসিম শেখ এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল কাদের যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ আগস্ট দুপুরে র্যাব-৬ যশোরের সদস্যদের কাছে খবর আসে, দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামের একটি ঘেরে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অবস্থান করছেন।
তাৎক্ষণিকভাবে র্যাবের একটি দল ওই ঘেরে অভিযান চালিয়ে আব্দুল কাদেরকে আটক করে। এ সময় কাদেরের লিজ নেওয়া ওই ঘেরের আগাছার মধ্য থেকে দুটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৬ যশোরের ডিএডি শেখ নুরুজ্জামান চান্দু বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে কোতোয়ালি থানার এসআই মিহির মণ্ডল আব্দুল কাদেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
রোববার মামলার রায় ঘোষণার সময় আসামি আব্দুল কাদেরের উপস্থিতিতে বিচারক একটি ধারায় ১০ বছর এবং অপর একটি ধারায় আরও সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
