চুড়ামনকাটি সংবাদদাতা :
ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে। কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে যাবে না। কিন্তু ভালবাসার সে কথাকে মিথ্যা করে মানুষরূপি ঘাতকের চরম অত্যাচারে নিজের জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলো বিথী খাতুন।
এমনকি একজন মানুষের শেষ বিদায়ের অনুষ্ঠানে অর্থাৎ জানাজায়ও ছিল বিথীর ভালবাসার সেই মানুষটি বা তার পরিবারের কেউই।
জানা গেছে, যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে বিথী খাতুনের সাথে পার্শ্ববর্তী গোবিলা গ্রামে সিরাজুল ইসলামের প্রবাসী ছেলে লিটন হোসেনের মধ্যে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয়।
দীর্ঘদিন প্রেমের পর তিন মাস আগে লিটন হোসেন প্রবাস থেকে মোবাইল ফোনে পারিবারিকভাবে বিথী খাতুনকে বিয়ে করেন। গত কয়েক আগে লিটন প্রবাস থেকে বাড়িতে এসে পিতা, মাতা ও বোনের কথামত শুরু করে বিথীর উপর চরম অত্যাচার।
একপর্যায়ে ১৩ নভেম্বর বিকেলে স্বামী ও তার পরিবারের সদস্যদের অত্যাচার সহ্য করতে না পেরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিথী। এদিকে বিথী খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠানোর পর লাপাত্তা হয়ে যায় তার স্বামী শ্বশুরসহ তাদের পরিবারের সকলে। হাসপাতালে লাশ আনতে যায়নি শ্বশুর বাড়ির লোকজন।
নিহতের পিতা আব্দুল কুদ্দুস জানান, ওরা আমার মেয়েকে হত্যা করেছে। তাদের অমানুষিক নির্যাতন সহ্যতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় সে। ঘটনার দিনও লিটন আমার মেয়েকে মারপিট করে।
শনিবার বাদ আসর জানাজা শেষে বিথী খাতুনকে তার পিতার বাড়িতে দাফন করা হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সহ সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা মাস্টার শিমুল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।
