বাংলার ভোর প্রতিবেদক :
বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার একাদশ সম্মেলনে অ্যাডভোকেট আফরোজা বেগমকে সভাপতি ও অ্যাডভোকেট কামরুন নাহার কনাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে দিনব্যাপি শহরের বাঁচতে শেখা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণের মধ্য দিয়ে আগামী তিন বছরের দায়িত্বভার গ্রহণ করেন।
‘অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক নারী-পুরুষের সমতাভিত্তিক রাষ্ট্র, সমাজ ও সংগঠন গড়ে তুলি এবং নারীর মানবাধিকার রক্ষায় অভিন্ন পারিবারিক আইনের প্রস্তাবনা চালু করি’-এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ এবং তৃণমূল পর্যায়ের সদস্যরা অংশ নেন।
সম্মেলনে ১৩০ জন কাউন্সিলরসহ মোট ১৫০ জন উপস্থিত ছিলেন।
সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন জেলা কমিটির সভাপতি আফরোজা শিরীন। জাতীয় সংগীত পরিবেশনের পর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে র্যালি বের করা হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আফরোজা শিরীন। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতানা রহমান জলি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম, প্রকাশনা সম্পাদক সারাবান তহুরা, হাবিবা শেফা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, সিপিবি যশোর জেলা সভাপতি মাহবুবুর রহমান মজনু, বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক আজিজুল হক মনি ও সাংবাদিক কাজী খালেদসহ অন্যরা।
বক্তারা নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, নারীর মানবাধিকার রক্ষা এবং গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।
দ্বিতীয় অধিবেশনে জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতানা রহমান জলি সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন।
সমাপনী অধিবেশনে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্যের নতুন কমিটি নির্বাচিত হয়। নতুন কমিটির অন্য পদধারীরা হলেন, সহসভাপতি রোজিনা রহমান, হামিদা বেগম, নাসিমা বানু লিলি, সুলতানা রহমান জলি, বীথিকা সরকার ও রেহেনা বেগম, সহসাধারণ সম্পাদক তহমিনা সুলতানা কাকলি, সংগঠন সম্পাদক উম্মে মাকসুদা মাসু, অর্থ সম্পাদক আমেনা বেগম কাকলি, আন্দোলন সম্পাদক সুফিয়া বেগম, লিগ্যালএইড সম্পাদক অ্যাডভোকেট সোনিয়া আক্তার জলি, প্রশিক্ষণ সম্পাদক সায়েদা বানু শিল্পী, পরিবেশ সম্পাদক উম্মে কুলসুম আলো, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক সুলতানা পারভীন, প্রচার-প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক রুমা পারভীন এবং শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক নাসরিন নাহার আশা।
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান।
