বাংলার ভোর প্রতিবেদক :
ভেসপার সামনে বাধ্যতামূলক নাম্বর প্লেট সংযোজনের নির্দেশনা পুনর্বিবেচনার তিন দফা দাবিতে যশোর ভেসপা কমিউনিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন যশোর ভেসপা কমিউনিটির সভাপতি আল হেলাল, সহ-সভাপতি শহীদ হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক তারিক এনাম ও নাফিউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন শাহরিয়ার কবির, মাহবুবুর রহমান, রেজাউল ইসলাম, জগলু হায়দার, মোহাম্মদ জাফর হোসেন, সজীব হোসেন, সোহান বিশ্বাস, নাঈম হোসেন বিপু, নাজির আলি দিপু ও সাকিল জাকারিয়া প্রমুখ।
অনুষ্ঠিত মানববন্ধনে যশোর ভেসপা কমিউনিটির সভাপতি আল হেলাল তার বক্তব্যে তিন দফা দাবি তুলে ধরেন। দাবি তিনটি হচ্ছে গাড়ির মূল নকশা ও নির্মাণশৈলী: প্রতিটি মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান নির্দিষ্ট নকশা ও কাঠামো অনুসরণ করে গাড়ি তৈরি করে।
বিশেষ করে ভেসপার মতো স্কুটারের সামনে নম্বর প্লেট সংযোজনের জন্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোনো নির্ধারিত ব্যবস্থা রাখেনি। নম্বর প্লেটের আকার ও সংযোজনের অসুবিধা, বর্তমানে নির্ধারিত নম্বর প্লেটের আকার অনেক বড়।
ভেসপার সামনের অংশে এই আকারের নম্বর প্লেট লাগানোর মতো উপযুক্ত স্থান বা ব্যবস্থা নেই। ফলে গাড়ির মূল সৌন্দর্য ও কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিকল্প হিসেবে স্টিকার নম্বর প্লেটের দাবি, সামনের নম্বর প্লেটের পরিবর্তে বিআরটিএ অনুমোদিত ও নির্ধারিত মাপের দৃশ্যমান নম্বর স্টিকার ব্যবহারের বিষয়টি বিবেচনা।
