সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরা পৌর এলাকার ফুটপাত ও সড়কের পাশের অবৈধ দখল উচ্ছেদ এবং পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈনের কাছে স্মারকলিপি দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে সাতক্ষীরা পৌরসভা কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নিসচা সাতক্ষীরা শাখার উপদেষ্টা সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কালাম, জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লাহ শাহীন, সভাপতি এস এম মহিদার রহমান, সাধারণ সম্পাদক মীর আবু বকর, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আলী, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আলী মিটন, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক কামাল উদ্দীন সরদার, সাংস্কৃতিক সম্পাদক মো. আতিকুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুব বিষয়ক সম্পাদক জাকির হোসেন জনিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে পাকা পুলের মোড় থেকে কেষ্ট ময়রার মোড় পর্যন্ত ফুটপাত ও সড়কের পাশের অবৈধ দখল চিহ্নিত করে উচ্ছেদ, পৌরদীঘির কোনা থেকে উপজেলা পরিষদ পর্যন্ত সড়কের উভয় পাশে ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করা এবং লাবণী মোড় থেকে পাকাপোল পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করার দাবি জানানো হয়।
এছাড়া থানার পেছনের পশ্চিম ও দক্ষিণ পাশে অবৈধভাবে দখল করে পরিচালিত ব্যবসা-বাণিজ্য উচ্ছেদ করে জায়গাটি জনসাধারণের ব্যবহারের উপযোগী করা, শহরের অন্যান্য সড়ক ও ফুটপাতের অবৈধ দখল চিহ্নিত করে দখলমুক্ত করা, ফুটপাত দখল করে দোকান ও পণ্যসামগ্রী রাখার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং দখলমুক্ত করার পর পুনরায় যাতে দখল না হয় সে জন্য নিয়মিত মনিটরিংয়ের দাবি জানানো হয়েছে।
