বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হান্নান তরফদারকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চূড়ান্ত সতর্কীকরণ নোটিশ দিয়েছে যশোর জেলা ছাত্রদল।
মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যশোর জেলা শাখার সদস্য সচিব মোঃ শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক নোটিশে তাকে এ সতর্কবার্তা দেয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, হান্নান তরফদারের কাজ ও আচরণে কিছু গুরুতর অসঙ্গতি লক্ষ্য করা গেছে, যা নিন্দনীয় ও পরিত্যাজ্য।
তার এমন আচরণ সংগঠনের শৃঙ্খলা নষ্ট করার পাশাপাশি সংগঠনকে বিব্রত ও মানহানির পরিস্থিতিতে ফেলছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব মোঃ শাহ নেওয়াজ ইমরান তাকে চূড়ান্তভাবে সতর্ক করেছেন।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আচরণের পুনরাবৃত্তি থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, সতর্কতা উপেক্ষা করে একই ধরনের আচরণের পুনরাবৃত্তি ঘটলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
