বাঘারপাড়া সংবাদদাতা :
যশোরের বাঘারপাড়া উপজেলা সদরে চিত্রা নদীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে হাবিবুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নদীর পাড়ের প্রায় ৪ থেকে ৫ শতাংশ জায়গা দখলের উদ্দেশ্যে সেখানে পাকা পিলার পুঁতে রাখার অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাঘারপাড়া উপজেলা সদরের সেতুর পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়েছে চিত্রা নদী। নদীর পাড়সংলগ্ন ৯৪ নম্বর বাঘারপাড়া মৌজার ৬৩৪ নম্বর খতিয়ানের আরএস ১৩৬৫ নম্বর দাগের দক্ষিণ পাশে নদীটির অবস্থান। দীর্ঘদিন ধরে ওই জায়গাটি নদীর পাড় হিসেবে উন্মুক্ত ছিল।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি হাবিবুর রহমান নামে এক ব্যক্তি নদীর পাড়ের প্রায় ৪ থেকে ৫ শতাংশ জায়গা দখলে নেওয়ার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে সেখানে পাকা পিলার পুঁতে রাখা হয়েছে।
এতে নদীর পাড়ের জায়গা বেদখল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত হাবিবুর রহমানের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার বলেন, নদীর জায়গা দখলের চেষ্টা করা হলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
