বাংলার ভোর প্রতিবেদক :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সোমবার সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর শহীদ মসিয়ূর রহমান হল ও এর আশপাশের এলাকায় ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুয়েল আল ইমরানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গুরুতর আহত করার ঘটনা ঘটে।
এ ঘটনায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হকের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
পরে ঘটনার তদন্তে কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির প্রতিবেদনে জুয়েল আল ইমরানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গুরুতর আহত করার অভিযোগ প্রমাণিত হয় বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তানভীরুল হককে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন।
অফিস আদেশ অনুযায়ী, বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে এবং বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বহাল থাকবে।
সাময়িক বহিষ্কার চলাকালে তানভীরুল হক বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক ক্লাস, পরীক্ষা কিংবা প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ পুরো ক্যাম্পাসে তাঁর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
