বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সদরের চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মীসভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম জোরদার ও নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
এদিন বিকেল ৪টার দিকে যশোর শহরের চাঁচড়া বাজারসংলগ্ন গোলদারপাড়া এলাকায় ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে কর্মী সভায় দেড় শতাধিক ছাত্রদলকর্মী অংশ নেন। ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আতিক ফয়সালের নেতৃত্বে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ওয়াহিদ সেকেন্দার লুলু, যুবদল নেতা সজীব গোলদার ও মাহমুদুল হাসান ফয়সালসহ স্থানীয় ছাত্রদল, যুবদল এবং চাঁচড়া ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মীসভায় তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
