বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা ব্যক্তিরা হলেন, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ধরাদোয়া গ্রামের মো. আল আমিন শেখ (২০), তার স্ত্রী জোসনা আক্তার (২১) এবং তাদের সন্তান আরমান শেখ।
৪৯ বিজিবির তথ্য অনুযায়ী, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের সীমান্ত পিলার ১৮/৮-এস-সংলগ্ন শূন্যরেখা দিয়ে তাদের হস্তান্তর করা হয়।
অবৈধভাবে ভারতে অবস্থানকালে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিলেন তারা।
পরে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের গ্রহণের পর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের যশোরভিত্তিক বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
